প্রেস টাইমস্‌ ২৪ । Press Times 24

আজ- শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

আজ- ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কুদুসের গোলে আবার বিশ্বকাপে ঘানা

কুদুসের গোলে আবার বিশ্বকাপে ঘানা

বিটিসি স্পোর্টস ডেস্ক: উৎসবের মঞ্চ তৈরিই ছিল। এমনকি হেরে গেলেও বাধা কিছু থাকত না অন্য ম্যাচের ফল পক্ষে আসায়। তবে জয় দিয়ে উপলক্ষ রাঙানোর আনন্দের তো আর কিছু হতে পারে না। মোহামেদ কুদুসের গোলে ম্যাচ জিতেই বিশ্বকাপে জায়গা করে নেওয়ার উল্লাসে মেতে উঠল ঘানা।
আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে ‘আই’ গ্রুপের সেরা হয়ে বিশ্বকাপের যাত্রী ঘানা। গ্রুপের শেষ ম্যাচে ঘরের মাঠে ১-০ গোলে হারায় তারা কমোরোজকে।
ম্যাচের ৪৭তম মিনিটে তমাস পার্তে দারুণ এক স্কয়ার পাস দেন প্রতিপক্ষের একজনের দুই পায়ের ফাঁক দিয়ে। সঙ্গে থাকা ডিফেন্ডারকে ছিটকে কাছ থেকে বল জালে জড়ান টটেনহ্যাম হটস্পারের উইঙ্গার কুদুস।
তিন পয়েন্ট এগিয়ে গ্রুপের শীর্ষে থেকে ম্যাচটি শুরু করেছিল ঘানা। দুইয়ে থাকা মাদাগাস্কারের সামনে এ দিন সমীকরণ ছিল, মালির বিপক্ষে তাদেরকে জিততে হবে এবং কমোরোজোর কাছে ঘানাকে হারতে হবে। তবে হয়নি দুটির কোনোটিই।
মালির কাছে ৪-১ গোলে হেরে যায় মাদাগাস্কার। ঘানা তাই নিজেদের ম্যাচ হারলেও বিশ্বকাপে ঠাঁই পেত। কিন্তু আক্রা স্পোর্টস স্টেডিয়ামে সমর্থকদের জয়ই উপহার দিয়েছে ‘দা ব্ল্যাক স্টার্স’ নামে খ্যাত দলটি।
এবার আফ্রিকার পঞ্চম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করল তারা।
আগের রাউন্ডেই বিশ্বকাপে পৌঁছে যাওয়া মিশর শেষ ম্যাচে সেরা তারকা মোহামেদ সালাহকে বিশ্রাম দিয়েও জয় দিয়ে শেষ করেছে বাছাইপর্ব। মোহামেদ হামদির গোলে তারা হারায় গিনি বিসাউকে। ১০ ম্যাচে ৮ জয় ও ২ ড্রয়ে শেষ করল তারা বাছাইপর্ব। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর